উত্ত্যক্ত : কালিয়াকৈরে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২১:৪০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উত্ত্যক্ত করায় মুন্নি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। 
 
মঙ্গলবার ভোরে উপজেলার কুতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুন্নি উপজেলার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী । তার পিতার নাম শহিদ মিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 
 
জানা যায়, উপজেলার চাপাইর গ্রামের আতাউর রহমানের বখাটে পুত্র আরাফাত রহমান (২৫) স্কুলে যাওয়া আসার পথে কুপ্রস্তাব দেয়াসহ মুন্নিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। মুন্নির কাছ থেকে বিষয়টি জানতে পেরে তার বাবা-মা উত্ত্যক্তের বিষয়টি জানিয়ে আরাফাতের বাবা আতাউর রহমানের কাছে বিচার চেয়েও কোন সুফল পাননি। বিচার চাওয়ায় ক্ষুব্দ হয়ে আরাফাতের উত্ত্যক্তের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার ভোরে মুন্নি ঘরের আড়ার সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 
 
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মুন্নীর লাশ উদ্ধার করতে গেলে আরাফাতের লোকজন লাশ উদ্ধার করে থানায় নিতে বাঁধা দেয়। এ খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মুন্নীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 
 
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত)রফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/ইউবি