ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের পাশের রেললাইন থেকে মেহেদী হাসান সুমন নামে এক কলেজ ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। সোমবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের মুলাডুলি স্টেশনের অদূরে মাঝগ্রাম-দুর্বাচরা ছয় নম্বর রেলওয়ে ব্রিজ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুমন ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক আইনুল হকের ছেলে এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা নিহত ছাত্রের পরিবারের বরাত দিয়ে জানান, ছেলেটি মাদ্রাসা হতে আলিম পাস করার পর পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছিল। হত্যার পর কে বা কারা তার লাশ রেললাইনের উপর ফেলে রেখে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী জানান, স্থানটি রেলওয়ে অঞ্চল হওয়ার কারণে বিষয়টি ঈশ্বরদী জিআরপি পুলিশের আওতাধীন। জিআরপি লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠাবে। ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
