খুলনার পাইকগাছায় জন্মান্ধ ও বোবা ৩ সন্তানকে নিয়ে এককালের জমিদার বংশের উত্তরসূরি আজ পথের ভিখারি। বিষণ্নতার কান্না প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনায় এ পরিবারটি নিঃশেষ হওয়ার পথে। উপজেলার তোকিয়া গ্রামের আবুল কাশেম (আবুল) বিশ্বাসের ৩ সন্তানই জন্মান্ধ। আবুলের পূর্বসূরিরা ছিলেন জমিদার পরিবার।
এ জমিদার পরিবারের উত্তরসূরি আবুল কাশেম (আবুল) বিশ্বাসের ৪ সন্তানের মধ্যে জাকির বিশ্বাস (৪০), ফারুক বিশ্বাস (৩৮), শেফালী খাতুন (২৬) জন্মান্ধ। প্রথম কন্যা সন্তানটি সুস্থ ও স্বাভাবিক থাকলেও অন্ধ ৩ সন্তানকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন আবুল। সম্পদ-সম্পত্তি যা ছিল সবকিছুই ৩ সন্তানের চিকিত্সার পিছনে খুঁইয়ে আজ তিনি নিঃস্ব। শিশুকালে অন্ধাবস্থায় ফারুক ও জাকির ১০ পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করে বলে তারা জানায়।
সাংসারিক অভাব-অনটনের জন্য আবুলের দু’পুত্র ফারুক ও জাকির ভিক্ষার পথ বেছে নিয়েছে। আবুল বিশ্বাসের দাদা খাতের আলী বিশ্বাস ছিলেন পাইকগাছার শীর্ষ জমিদার। অথচ আজ সে পরিবারটি সবকিছু হারিয়ে পথের ভিখারী। অসহায় এ পরিবারটির আয়ের কোনো উত্স না থাকায় সন্তানদের ভবিষ্যত্ ভাবনায় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন তাদের পরিবার।
ইত্তেফাক/এএন
