জলবায়ু সমস্যা একটি বৈশ্বিক ইস্যু: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:০১
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা একটি অভিন্ন ও বৈশ্বিক ইস্যু। এটা উত্তর-দক্ষিণের বা কোনো আঞ্চলিক সমস্যা নয়। এ সমস্যার জন্য এককভাবে কাউকে দায়ী না করে আলাপ-আলোচনার মাধ্যমে সবাই মিলে এর সমাধান করতে হবে।
 
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কনফারেন্স অব দি পার্টিজ বা কপ-২২ বৈশ্বিক জলবায়ু সম্মেলন : বিপদাপন্ন জনগোষ্ঠীর পক্ষে নাগরিক সমাজের ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ-বাংলাদেশ (ইক্যুইটিবিডি), সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড (সিএসআরএল), অক্সফামসহ কয়েকটি বেসরকারি সংস্থা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
 
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট-এর পরিচালক জিয়াউল হক, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, বিসিজেএফ এর সভাপতি সাংবাদিক কাওসার রহমান, ওয়াকার্স পার্টির নগর নেতা আবুল হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন নিলোর্মী প্রমুখ।

ইত্তেফাক/এএম।