মা ইলিশ রক্ষার অভিযানে দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় আটককৃত জেলেদের জেল-জরিমানা ও হাজার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
মুলাদীতে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা
বরিশালের মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ির আইসি উত্তম কুমার ও মত্স্য কর্মকর্তা আবুুল কালাম আজাদ বিভিন্ন ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় উপজেলার জয়ন্তী ও আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেন। এর মধ্যে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১০ জন অপ্রাপ্ত হওয়ায় তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা ১ লাখ ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
কাঠালিয়ায় পাঁচ লক্ষাধিক টাকার কারেন্ট জাল ভস্মীভূত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়ার জাঙ্গালিয়া বিষখালী নদীতে বুধবার ও মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় বিশ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়। অভিযান টের পেয়ে জালের মালিক পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের সহকারী মত্স্য কর্মকর্তা মো. জোয়াদুর রসুল এবং সাংবাদিকসহ মত্স্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালিহাতীতে মা ইলিশ ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নৌ-পুলিশ ও উপজেলা মত্স্য অফিসের যৌথ অভিযানে উপজেলার আফজালপুর সীমানায় যমুনা নদী থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে ২৭ পিছ মা ইলিশ ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পোড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, উপজেলা মত্স্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কদ্দুছ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
