মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারের (২৮) ঝুলন্ত লাশ শহরের বাদামতলা এলাকার একটি ছাদ থেকে গতকাল সোমবার পুলিশ উদ্ধার করেছে। রবিবার রাতে তার রহস্যজনক মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর দাবি। এলাকাবাসী, পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, লিমন মজুমদারের বাড়ি মাদারীপুর সদর উপজেলার তালতলা এলাকায়। কিন্তু তিনি মাদারীপুর পুরান শহরের একটি বাসায় সপরিবারে বসবাস করতেন। লিমন সম্প্রতি বিয়ে করেছেন। তার পিতার নাম বাবুল মজুমদার।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সিরাজুল হক সরদার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় লিমনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ তার ব্যবহূত মোবাইল সেট উদ্ধার করেছে। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর মর্গে লাশের ময়না তদন্ত শেষে তার আত্মীয়রা লাশ বাড়িতে নিয়ে যায়। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা তা বলা যাবে এবং সেভাবে তদন্ত চলবে বলে পুলিশ জানিয়েছে।
