নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১২:৫৫
 
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই স্কুলছাত্রে নাম প্রান্ত সাহা (১৩)। সে চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম উত্তম কুমার। এ ঘটনা শুভ  (১৮) ও দীপ্ত সাহা (১৯) নামে দুই যুবককে আটক করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় শুভ নামে এক যুবক প্রান্ত সাহাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে প্রান্ত আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের স্বজনরা তাকে সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও প্রান্ত সাহার খোঁজ পায়নি। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে আটাবহ ইউনিয়নের মাথালিয়া গ্রামের একটি ডুবায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 
 
খবর পেয়ে প্রান্ত সাহার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ সনাক্ত করেন। পরে কালিয়াকৈর থানার এসআই (উপ-পরিদর্শক) আশরাফুজ্জামান রাত নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার পলি আক্তার জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শুভ ও দীপ্ত সাহা নামে দুইজনকে আটক করা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/কেকে