রাজধানীর আদাবরে গ্যাসের লাইন মেরামতের সময় ছয়জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আদাবরের মোহাম্মদী হাউজিংয়ের ২৭৩/এ নম্বরের বাসায় এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- গ্যাস মিস্ত্রি বিলাল হোসেন (৩০), দারোয়ান মোনায়েম হোসেন (২৮), বাড়িওয়ালার মেয়ে হোসনে আরা (৫৩), শিশু নাঈম (৭), কাজের বুয়া লাইলী (২০) এবং ভাড়াটিয়া সিমা (৩৫)।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়া আসেন হোসনে আরার ভাই নজরুল ইসলাম। নজরুল ইসলাম জানান, সারাদিন বাসায় গ্যাস ছিল না। সন্ধ্যার পর মিস্ত্রি নিয়ে এসে পঞ্চম তলা বাসার নিচ থেকে উপর পর্যন্ত কাজ করানো হয়। পাঁচ তলা ফ্ল্যাটের রান্নাঘরে মোমবাতি জালিয়ে গ্যাসের লিকেজ বন্ধ করা হচ্ছিল। এ সময় হঠাত্ বিস্ফোরণ ঘটে। অগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
