রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইবিএ) অ-বাণিজ্য গ্রুপে (বিজ্ঞান ও মানবিক) ৩ হাজার ৮০০ শিক্ষার্থীয় অংশ নিয়ে পাস করেছে মাত্র ১৯ জন।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয় এবং সাক্ষাৎকারের জন্য ৮৯১ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদ সূত্রে জানা যায়, ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে পাস করার জন্য ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেতে হয়। অনুষদের মোট ৫২১টি আসনের মধ্যে বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪৩০টি আসন এবং অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য রয়েছে ৯১টি আসন।
ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম বর্ষ ভর্তি উপ-কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘এ বছর বাণিজ্য অনুষদের মোট ১৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৮শত জন ছিল অ-বাণিজ্য গ্রুপের। তবে অ-বাণিজ্য গ্রুপে ৯১ টি সিটের বিপরীতে মাত্র ১৯ জন ন্যূনতম নম্বর ৪০ পেয়ে পাস করেছে। তাই মৌখিক পরীক্ষার জন্য সেই ১৯ জনকেই ডাকা হয়েছে।
তিনি আরো বলেন, বাকি আসন পূরণের জন্য পাস নম্বর ৪০ থেকে কমানো হবে নাকি বাণিজ্যের শিক্ষার্থী দিয়ে আসনগুলো পূরণ করা হবে সে বিষয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে সিদ্ধান্ত নেবে।
ইত্তেফাক/ইউবি
