দেশের স্কুল পড়ুয়া গবেষকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তারচাষ’। আগামী ২৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে ‘ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬’ নামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সারাদেশের স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণাপত্র/ধারণাপত্র উপস্থাপন করবে। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে স্কুলে গবেষণা কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এই সম্মেলনের আয়োজন বলে জানান আয়োজকরা।
সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, আমরা রাজধানীর বিভিন্ন স্কুলে চিঠি দিয়েছি যাতে শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র এবং ধারণাপত্র জমা দেয়। এক্ষেত্রে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে এবং গবেষণাপত্র ও ধারণাপত্র তৈরির জন্য দল তৈরি করছে।
স্কুল পড়ুয়াদের নিয়ে এই আয়োজন কেন জানতে চাইলে তিনি বলেন, এই বয়সেই মানুষের মেধা নতুন কিছু গ্রহণের জন্য ও নতুনভাবে চিন্তার জন্য অধিকতর প্রস্তুত থাকে। শিশুদের ভেতর যুক্তি কাজ করে। ফলে শিশুরা গবেষণা করতে সক্ষম। গবেষণার জন্য মনন সম্পন্ন একটি প্রজন্ম সৃষ্টি করতে হলে শুরুটা স্কুল থেকেই হওয়াটা যুক্তিসংগত বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, স্কুল থেকে নির্বাচিত প্রত্যেকটি দলের সঙ্গে আমরা আলাদা করে কথা বলবো। ভবিষ্যতে তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা ও আয়োজন করা হবে।
গবেষণাপত্র সংক্রান্ত কোনো অনুসন্ধান থাকলে যোগাযোগ করতে পারেন ০১৭১২-১৪৭৫১৯, ০১৯১১-২২৮৮৪৩, ০১৭১৭-৪০০৮৭১, ০১৬৭০-২১৩৭০৭ অথবা chintarchash.org
ইত্তেফাক/এমএইচ
