আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার নির্বাচনী সভা ও গণসংযোগ করা হয়েছে। উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় আয়োজিত এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভূঁইয়া। সভায় আরো বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, ভাইস চেয়ারম্যান প্রার্থী সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, যুবলীগ নেতা আব্দুল আওয়াল, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, নাট্য অভিনেতা এ বি সিদ্দিক ও সিরাজ মাহমুদ প্রমুখ।
গণসংযোগে তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার, শীতলক্ষ্যার মুড়াপাড়া সেতু, মুড়াপাড়া পাইলট স্কুল ও মুড়াপাড়া কলেজ সরকারিকরণ, সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ এবং বিদ্যুত্ সংযোগসহ তিন হাজার ২০০ কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান। দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া একজন দক্ষ সংগঠক, পরীক্ষিত, সত্ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হওয়ায় দলের ত্যাগী ও প্রবীণ কর্মীরা তার পক্ষেই কাজ করছেন। রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকাকেই জয়ী করতে হবে। পরে তারা তারাবো পৌরসভার হাটিপাড়া, নোয়াপাড়া, রূপসী, মৈকুলী, খাদুন, বিশ্বরোড, বরপা, সুতালরা, খালপাড়, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এবং রাসেলনগরসহ আশপাশের এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন।
