জাদুঘরে নতুন সাজে শিল্পাচার্য গ্যালারি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৫:০৬
শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে গ্যালারিটি আগেই ছিল। একে নতুন করে সাজানো হলো। সেই গ্যালারির উদ্বোধন হলো গতকাল শনিবার। ৪৭টি চিত্রকর্ম আর ব্যবহূত চিত্রসরঞ্জামের সঙ্গে রয়েছে তার জীবনকর্ম নিয়ে ভিডিও ইলাস্ট্রেশন। গ্যালারিটির নবসজ্জার কিউরেট করেছে ‘দৃক’ এবং সহযোগিতা করেছে আইএফআইসি ব্যাংক।
 
৭০-এর জলোচ্ছ্বাসে নিহত মানুষের ছবি ‘মনপুরা ৭০’-কে একটি বৃত্তের ভিতর প্রতিষ্ঠা করে ছাদ থেকে ঝুলিয়ে দিয়ে গ্যালারির কেন্দ্রভাগ সমৃদ্ধ করা হয়েছে। যার চারপাশকে চারভাগে ভাগ করে শিল্পাচার্যের ছবিগুলো সাজানো  হয়েছে। সেগুলো হলো উন্মেষ, ঋজু জয়নুল, নতুন আঙ্গিক এবং জনগণের শিক্ষক। ৪৩-এর দুর্ভিক্ষের ওপর অঙ্কিত ছবিগুলোকেও যথাযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে। শিল্পাচার্যের শিল্পী জীবনের ধারাবাহিক বিবর্তন রয়েছে গ্যালারিটিতে। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ছবিগুলোকে কাচের আড়ালে পাঁচ স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিল্পাচার্যের নবসজ্জিত গ্যালারিটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার। জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী হাশেম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন।
 
চার যুগ পূর্ণ করল উদীচী
 
প্রতিষ্ঠার চার যুগ পূর্ণ করল লড়াই-সংগ্রাম আর সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজন করা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
 
শিল্পকলায় আবৃত্তি সন্ধ্যা
 
শিল্পকলা একাডেমি ও আবৃত্তি সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে গতকাল হয়ে গেল ‘এই তো জীবন, এই তো মাধুরী’ শিরোনামে যৌথ আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি পরিবেশন করেন নাজমুল আহসান, সুপ্রভা সেবতি ও মু. সিদ্দিকুর রহমান। তাদের কণ্ঠে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, শামসুর রাহমান, প্রমুখ প্রখ্যাত কবির কবিতা।
 
‘দিয়াড়’-এর কবিতা সন্ধ্যা
 
সাংস্কৃতিক সংগঠন ‘দিয়াড়’-এর আয়োজনে বসেছিল ‘আজ কবিতা সন্ধ্যা’র আয়োজন। বৈঠকি ঢংয়ের এ আয়োজন জমে ওঠে কবিতা আর কথায়। সংগঠনের সদস্য সচিব আনোয়ার হকের উপস্থাপনায় কবিতা সন্ধ্যা উপভোগ করেন সবাই।
 

ইত্তেফাক/এএন