বিএনপি’র ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায় এই আদেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতার জামিন আবেদন করা হলে আদালত ওই আদেশ দেন।
আদালতসূত্র জানায়, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। এগুলোর মধ্যে তিনটি’র জামিনের আদেশ হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা মামলাটিতে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৯ মে ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতি হুমকি দিয়ে একটি মন্তব্য করেন। পরদিন ফটিকছড়ি থানায় মামলা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।
এদিকে একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গিয়াস কাদের চৌধুরী। তার ছেলে সামির কাদের চৌধুরীও চট্টগ্রাম-৬ রাউজান আসনের জন্য মনোনয়ন নিয়েছেন।
