ঠাকুরগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২৩:৪২
রবিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ৫ মহিলা গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন: আমেনা (২৭), কুলসুম (৬০), নাসিমা (৩৫), হুসনেরা (৪০), জহুরা (৩৭)। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রবিবার রাত সাড়ে ১০টায় নারগুন তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সেরেকুল ইসলামের লোকজন বিএনপির প্রার্থী পয়গাম আলীর সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার কথা বললে উত্তেজিত হয়ে পড়ে উভয় পক্ষ। এতে আওয়ামী লীগের সমর্থক ও বিএনপির সমর্থদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে ৫ জন মহিলা আহত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
 
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুই চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন