৩১ অক্টোবর সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৩টি ওয়ার্ডে পুনঃনির্বাচন। ওয়ার্ডগুলো হলোঃ উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ড, ছাতয়িান ইউনিয়নের ৪নং সাধারণ ওয়ার্ড এবং পোড়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড।
এ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপজেলা পরিষদ থেকে স্ব স্ব কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে যাওয়া হয়েছে।
বারুইপাড়া ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ড ও ছাতিয়ান ইউনিয়নের ৪নং সাধারণ ওয়ার্ডে ২ জন করে প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই দুই কেন্দ্রে নির্বাচনী ফলাফল অমিমাংসীত এবং নির্বাচনী ফল ঘোষণার পূর্বে বিশৃংখলা সৃষ্টি হওয়ায় ফল ঘোষণা স্থগিত করা হয়। ফলে বারুইপাড়া ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ডে সমান সংখ্যক ভোট প্রাপ্ত ২ প্রার্থী, ছাতিয়ান ইউনিয়নের ৪নং সাধারণ ওয়ার্ডে সমান সংখ্যক ভোট প্রাপ্ত ২ প্রার্থী এবং পোড়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সকল নারী ও পুরুষ সদস্য প্রার্থীরা অংশ গ্রহণ করবেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বারুইপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এ ওয়ার্ডে ২ হাজার ৬শ’ ৩৭ জন ভোটার। আবু বক্কর সিদ্দিক (ফুটবল) ও মোফাকখার ইসলাম জিন্না খান (মোরগ) প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে এ ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলে উক্ত প্রার্থীদ্বয় ৮৪২ ভোট পাওয়ায় ফলাফল অমিমাংসীত থাকে।
ছাতিয়ান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কবি দাদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ ওয়ার্ডে ২ হাজার ২৪ জন ভোটার। মজনু বিশ্বাস (তালা) ও মোহাম্মদ আলী (মোরগ) প্রতিদ্বন্দ্বীতা করবেন। ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে এ ওয়ার্ডে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করলেও উক্ত প্রার্থীদ্বয় সমান সংখ্যক ৪৬৬ ভোট পাওয়ায় ফলাফল অমিমাংসীত থাকে।
পোড়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৩ হাজার ৪শ’ ৬০ জন ভোটার। সাধারণ সদস্য হিসেবে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এরা হলেন আক্তার আলী (বৈদ্যুতিক পাখা), আব্দুল করিম (টিউবওয়েল), বশির আহমেদ (তালা), মিরাজুল ইসলাম (আপেল), মোজাম্মেল হক (ফুটবল) ও রুহুল আমিন (মোরগ)। এছাড়াও নারী সদস্য হিসেবে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আকলিমা খাতুন (কলম), জায়দা খাতুন (সূর্যমূখী ফুল), রুবিনা ইয়াসমিন (বক) ও রাবেয়া বেগম (হেলিকপ্টার)।
নির্বাচন প্রসঙ্গে ছাতিয়ান ও পোড়াদহ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা জুলফিকার হায়দার ও বারুইপাড়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ইতিমধ্যে নির্চাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইত্তেফাক/এএন
