শেষ হলো গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব। প্রতিদিন তিনটি করে মঞ্চনাটকের সঙ্গে নাচ-গান, আবৃত্তি ও পথনাটকের পরিবেশনায় শেষ হলো দশ দিনব্যাপী এই উত্সবের। রবিবার ছিল এই আয়োজনের সমাপনী দিন। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হয় সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন মামুনুর রশীদ। উত্সবের আয়োজন গঙ্গা-যমুনা নাট্যোত্সব পর্ষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, পথনাটক পরিষদের সভাপতি নাট্যজন মান্নান হীরা, নৃত্য শিল্পী সংস্থার সভাপতি শিল্পী মিনু হক ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্্কাম উল্লাহ্। সমাপনী দিনের বিকালে উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চে পথনাটক পরিবেশন করে সাত্ত্বিক নাট্য সম্প্রদায়। দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরসপ্তক।
শিশু চিত্র প্রদর্শনী
এ বছরও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জয়নুল আবেদিন আর্ট স্কুল। প্রতিযোগিতায় অংশ নেওয়া খুদে শিল্পীদের সেসব ছবি নিয়ে শুরু হয়েছে ১১তম শিশু চিত্র প্রদর্শনী। রবিবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর শুরু হয়। এতে যারা বিজয়ী হয়েছে তাদের পুরস্কৃতও করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি উবেয়ার্ট, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিউনি কুলেনিয়ার, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী রোকেয়া সুলতানা।
এসএম সোলায়মান স্মারক বক্তৃতা
থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এ বছরের এসএম সোলায়মান প্রণোদনা পেলেন তরুণ নাট্যশিল্পী রামিজ রাজু। গতকাল রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এসএম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মামুনুর রশীদ। স্মারক বক্তৃতা দেন ভারতের ড. আশিস গোস্বামী। এসএম সোলায়মান রচিত ও সুরারোপিত সঙ্গীত পরিবেশন করে থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা।
শিল্পকলায় শেক্সপিয়রের নাটক
উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে ছিল ‘শেক্সপিয়রের নাটক: বিষয়বস্তু, বৈশিষ্ট্য এবং অভিনয় শৈলী’ নিয়ে পক্ষকালব্যাপী বিশেষ কর্মশালা। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনাশেষে মঞ্চস্থ হয় শেক্সপিয়রের ২টি নাটক; ‘মার্চেন্ট অব ভেনিস’ ও ‘ম্যাকবেথ’-এর অংশবিশেষ।
