ঠাকুরগাঁও এর দুই উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থগিত কেন্দ্রে জেলার দু’টি উপজেলায় ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন, সাধারণ সদস্য পদে ১৮ জন, সংরক্ষিত সদস্য আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ ইউনিয়নে একটি ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী পয়গাম আলী অভিযোগ করেছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিএনপির সমর্থিত লোকজনকে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করছে।তবে আওয়ামী লীগ প্রার্থী সেরেকুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো সংঘর্ষ এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, গত নির্বাচনে এমহাট খোচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এক পর্যায়ে মেম্বারের ভোট গণনার সময় একটি ভোটের বাক্স ছিনতাই হয়ে গেলে এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
ইত্তেফাক/এমআর/আরএ
