চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে আয়কর মেলা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১১:৫৫
 
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মঙ্গলবার থেকে সাতদিনব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। কাল সকালে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম আয়কর বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
 
মেলার বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন-১ এর তৃতীয় তলায় আয়কর বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে  লিখিত বক্তব্য রাখেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. নজরুল ইসলাম। এসময় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন, চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যুত্ কুমার সরকার, কর কমিশনার-৩ মোতাহার হোসেন, কর কমিশনার-৪ আহমদ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে জানান হয়, চলতি অর্থবছরে চট্টগ্রামের চার অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫৫০ কোটি টাকা। গত অর্থবছরে ৭ হাজার ৫২ কোটি টাকা আয়কর আদায় হয়েছিল। মেলার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কর কমিশনার নজরুল ইসলাম বলেন, আয়কর বিষয়ক শিক্ষা, কর বান্ধব পরিবেশ সৃষ্টি, কর বিষয়ক অহেতুক ভীতি দূর করা, কর বিভাগের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি, কর প্রদানে উত্সাহ, ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করা এবং কর ভিত্তি সমপ্রসারণই আয়কর মেলার উদ্দেশ্য। ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপন এবং ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান বেড়ে চলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে আয়কর তথা প্রত্যক্ষ কর আহরণের হারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
 
বরাবরের মতো এবারও মেলায় ২০১৬-২০১৭ সালের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন, সব ধরনের সেবা পেতে প্রত্যেক সার্কেলের জন্য পৃথক বুথ স্থাপন, ইটিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন করদাতারা ইটিআইএন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে করদাতারা অনলাইনে আয়কর দিতে পারবেন। এছাড়া নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক কাউন্টার, মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে আয়কর জমা দিতে পারবেন। রিটার্ন পূরণে করদাতাদের সহায়তা করতে মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্প ডেস্কও থাকবে।
 
ব্যবসায়ী ও ব্যক্তিগত সেরা করদাতাদের পাশাপাশি এবার থেকে নারী ও তরুণ উদ্যোক্তাদেরও সম্মাননা দেওয়া হবে। আগামী ১৭ নভেম্বর নগরীর আগ্রাবাদ হোটেলে সম্মাননা অনুষ্ঠান হবে।