বাঘায় বৈদ্যুতিক তারের পাতানো ফাঁদে স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ২

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১১:৫৭
রাজশাহীর বাঘা উপজেলায় বৈদ্যুতিক তারের পাতানো ফাঁদে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন, উপজেলার মশিদপুর এলাকার বাসিন্দা আবুল কালাম (৬০) ও স্ত্রী আরিফা বেগম (৫০)। এ সময় আহত হয়েছেন তাদের দুই মেয়ে রুমা (২২) ও মৌসুমি (২০)। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় মৌসুমি জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
রবিবার গভীর রাতে উপজেলার মশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, রবিবার রাতে ওই গ্রামের আবুল কালাম ও তার স্ত্রী আরিফা বেগম এবং দুই মেয়ে রুমা ও মৌসুমি খাওয়া শেষে দুই রুমে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে প্রতিপক্ষের পাতা ইলেকট্রিক তারের ফাঁদে আটকা পড়ে চিৎকার দেয় আবুল কালাম ও তার স্ত্রী আরিফা।
 
চিৎকার ঘর থেকে বের হয় তার দুই মেয়েসহ পাশের বাড়ির লোকজন। এ সময় বাবা-মাকে বাচাঁতে গিয়ে তার দুই মেয়েও ইলেকট্রিক তারের শক খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন চারজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন এবং মেয়ে মৌসুমিকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
 
হতাহতের স্বজনেরা বলছে, ‘তাদেরকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।’
 
পুলিশেরও প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হতাকাণ্ড।
 
থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ জানান, ‘তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ