রায়পুরে দোকান-বাড়ি ভাঙচুর, মালামাল লুট

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১২:২৬
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এক দিনমুজুরের বাড়িতে হামলা চালিয়ে দুইটি ঘর ও একটি মুদি দোকান ভাঙচুর করে। পরে তারা দোকানের দুই লাখ টাকার মালামাল লুটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নষ্ট করে ফেলে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 
রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বামনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের দিনমুজুর নজির আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্থ নজির আহম্মদের ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকালে ক্রিকেট খেলার একটি বল নিয়ে একই এলাকার ইসমাইলের ছেলে রিয়াদ ও করিমের ছেলে শাহাদাতের সঙ্গে নজির আহম্মদের ছেলে ফিরোজের দোকানের সামনে বাক্বিতণ্ডা হয়। এসয়ম ফিরোজ দোকান থেকে বের হয়ে উভয়কে শান্ত করে বিষয়টির মীমাংসা করে দেয়। পরে রিয়াদ তার খালাতো ভাই ছাত্রলীগ নেতা নুর নবী সুজনকে খবর দেয়। সন্ধ্যায় সুজন ঘটনাস্থলে এসে কোনো কথা না বলে দোকানদার ফিরোজকে মারধর শুরু করে। ফিরোজ বাধা দিতে গেলে সুজনের নাকে আঘাত লাগে। এ খবরে সুজনের অনুসারীরা ছুটে এসে এ কাণ্ড ঘটায়।
 
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি নুর নবীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কলটি কেটে দেন এবং মোবাইলটি বন্ধ করে দেন।
 
তবে স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জর হোসেন মন্সী ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ