হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শংকরসেনা গ্রামের সামছুল হক (৩৫) ও কায়স্থগ্রামের মাসুক মিয়া (৪০)। আহত জাহেদ মিয়া (২৫)একই গ্রামের ময়না মিয়ার ছেলে ।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত ১০টা থেকে শংকরসেনা গ্রামের জয়নুর মিয়ার টিলা থেকে এক ঠিকাদারের মাধ্যমে মাটি কাটা শুরু করেন ২০/২২ জন শ্রমিক। মঙ্গলবার ভোর চারটার দিকে হঠাৎ মাটি ধসে পরে তিনজন চাপা পড়েন।এসময় অন্য শ্রমিকরা পালিয়ে যায়। সকাল সাতটার দিকে নিহত ব্যক্তিদের লাশ দেখতে পান স্থানীয়রা।
নিহতের স্বজনদের অভিযোগ, মাটি ধসে পরার পর অন্যান্য শ্রমিকরা পালিয়ে যাওয়ায় নিহতের ঘটনা ঘটেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন খান জানান, পালিয়ে যাওয়াদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদফতর এ ব্যাপারে মামলা করবে বলে জানিয়েছেন ওসি।
ইত্তেফাক/এএসএস
