রংপুর নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে একই ইনস্টিটিউটের আলমগীর নামের ৩য় বর্ষের এক ছাত্র তার মেসের রুমে ওই দুই ছাত্রীকে আটকে রাখে। তারপর তিনিসহ মানিক, পলাশ, শাহ আলম ও শাকিল তাদের সারারাত পালাক্রমে ধর্ষণ করেন।
গতকাল মঙ্গলবার ওই দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ জনকে আটক করেছে। পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর ওই দুই ছাত্রী একাডেমিক নোট নেয়ার জন্য তাদের সহপাঠী আলমগীরের মেসে যান। সে সময় এ ঘটনা ঘটে। ঘটনাটি যেন প্রকাশ না পায় সে জন্য ভয়-ভীতি দেখিয়ে ছাত্রী দুইজনকে সকাল পর্যন্ত রুমে আটকে রাখা হয়। এমনকি ছবি তুলে তাদের কাছে ধর্ষকরা ৬০ হাজার টাকাও দাবি করে। পরে ছাত্রীরা ১০ হাজার টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে যায়। গতকাল মঙ্গলবার ইনস্টিটিউটে এ নিয়ে শালিস বৈঠক হয়। পরে দুই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ পাঁচজনকে আটক করে।
