টানা পাঁচ কর্মদিবস দরপতনের পর গত মঙ্গলবার তা থেমেছে। আর আজ বুধবার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজারের সূচক। আজ দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ওঠানামা থাকাটাই স্বাভাবিক। পাঁচ কর্মদিবস ধরে সূচকের পতন হলেও এর আগে প্রায় দুই আড়াই মাস ধরে বাজারে সূচক বেড়েছে। তাই টানা পাঁচদিনের দরপতনকে দর সংশোধন হিসেবেই ধরে নেয়া যায়। এখন আবার বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় সূচক বাড়তে শুরু করেছে।
তথ্যে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগের দিন ছিল ৩৭৬ কোটি ৯৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। কোম্পানিটির ২১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারে ১৭ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৮ লাখ টাকা।
লেনদেনে এরপর রয়েছে- কনফিডেন্স সিমেন্ট, আরগন ডেনিমস, মিথুন নিটিং, এমজেএল বাংলাদেশ, পেনিনসুলা চিটাগাং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও লাফার্জ সুরমা সিমেন্ট।
এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৫৫ পয়েন্টে। এর আগে মঙ্গলবার ২ পয়েন্ট বেড়েছিল সিএসইতে। গতকাল সিএসইতে ২৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ২৬ কোটি ৫৫ লাখ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গতকাল বাজারে লেনদেন বেড়েছে এটি ইতিবাচক দিক। কারণ বাজারে লেনদেন কমে যাওয়ার প্রবণতা ভালো নয়। সেদিক থেকে গতকাল কিছুটা ভালো হয়েছে লেনদেন।
ইত্তেফাক/কেকে
