নাসিরনগরে হিন্দুদের ৫টি বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:২৬
 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচটি হিন্দু বাড়ির ছয়টি রান্নাঘর ও গোয়ালঘরে একই সময়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একসঙ্গে পাঁচটি বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
 
IMG0
 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ফুল কিশোর সরকারের বাড়ির গোয়ালঘরে, মৃনাল কান্তি সরকারের দু’টি রান্নাঘর, অমর দেবের একটি রান্নাঘর, ঠাকুরপাড়ার সন্টু কবিরাজের একটি পরিত্যক্ত ঘরে ও সাগর দাসের বাড়ির দূর্গামন্দির ঘরে রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
IMG1
 
 
ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবি্ত্র কাবা শরীফ অবমাননা করে আপত্তিকর ছবি পোস্ট করার জের ধরে রবিবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি একদল লোক বের হয়ে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর এবং বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ব্যাপক লুটপাটও করে। তাদের হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১জনকে গ্রেফতার করা হয়েছে।