ফেনীতে ডাকাতির সময় ১১ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। তাদের মধ্যে ৮ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্রসহ ৪ রাউন্ড গুলি, ৬টি চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার ভোর ৩টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নে কাশিমপুর এলাকায় ব্যারিকেড দিয়ে, বিভিন্ন গাড়িতে ডাকাতি করছিল এই ডাকাত দল। এসময় যাত্রীদের চিৎকার শুনে এলাকার কয়েকজন মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে ৩ জনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বাকিরা পালিয়ে মহাসড়কের পাশে বিক্ষিপ্তভাবে কয়েকটি বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির লোকদের জিম্মি করে। পরে পুলিশ ও স্থানীয়রা এলাকা ঘিরে ফেলে ৮ জনকে আটক করে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, আটককৃতরা পেশাদার ডাকাত, তাদের বিরুদ্ধে ফেনীসহ বিভিন্নস্থানে ডজন মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআই
