বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ০১:৩১
নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়। এ সময়ে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী প্রমুখ।
 
আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনা খুবই দুঃখজনক। সাম্প্রদায়িক হামলা বন্ধে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
 
ইত্তেফাক/এএন