‘আমিনের কিছু রায় তাকে সেরা বিচারকদের কাতারে দাঁড় করিয়েছে’

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২২:২৬
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচারপতি আমিন আহমেদের জীবন, ব্যক্তিত্ব ও আদর্শ আমাদের সবার কাছে অনুকরণীয়। তিনি এমন কিছু রায় দিয়েছেন, যা তাকে বিশ্বের সেরা বিচারকদের কাতারে দাঁড় করিয়েছে। এসব রায় তাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। 
 
রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে পূর্ব পাকিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি আমিন আহমেদের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। 
 
প্রধান বিচারপতি বলেন, আমিন আহমেদ তার রায়ের মাধ্যমে বাঙ্গালি জাতিকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় আজ তাকে মূল্যায়ন করা হয় না।
 
 
তিনি বলেন, এ ট্রাস্টের অধীনে ঢাকায় একটি ক্লিনিক চালু আছে। এ ক্লিনিকটির একটি অংশ যদি গ্রামের বাড়িতে করা হয়, তাহলে ওখানে অনেক গরিব, যারা চিকিৎসাসেবা পান না, বঞ্চিত হন, তারা উপকৃত হবেন। 
 
সাবেক বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, আমিন আহমেদের মেয়ে জেরিনা মহসিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। স্বাগত বক্তব্য দেন আমিন আহমেদ ট্রাস্টের ট্রাস্টি হাইকোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী। 
 
অনুষ্ঠানে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী আবদুল আলীমের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধান বিচারপতি। 
 
ইত্তেফাক/ইউবি