ঠাকুরগাঁওয়ে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা।
আজ সোমবার মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি শাহিন মিঞা, রাসেল মন্ডল, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সিংহ, রংপুর বিভাগীয় প্রচার সম্পাদক ফিরোজ মিঞা প্রমূখ।
জানা যায়, ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতি সারাদেশে কয়েক হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার চাকরি স্থায়ীকরণের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। হঠাৎ করে পল্লী বিদ্যুৎ বিভাগ তাদের চাকরি থেকে ছাটাই করতে শুরু করছে।
চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার খায়রুল ইসলাম বলেন, 'আমাদের চাকরি স্থায়ী করণের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলেও হঠাৎ করে পল্লী বিদ্যুৎ বিভাগ আমাদের চাকরি স্থায়ী না করে উল্টো আমাদের ছাটাই করতে শুরু করেছে।
তাই ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সকল অফিসের চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা চাকরি থেকে ছাটাই বন্ধকরণ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালুকরণ ও চাকরি নিয়মিত করণসহ কয়েকটি দাবি নিয়ে আমরা ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছি।'
ইত্তেফাক/কেকে
