গাংনীতে গরু ব্যবসায়ীদের উপর বোমা হামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ০৮:৪৮
 
মেহেরপুর গাংনী উপজেলার রুয়েরকান্দি-হুদাপাড়া মাঠের সড়কে আবারো গরু ব্যবসায়ীদের উপর বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে বোমা হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন গরু ব্যবসায়ীরা।
 
জানা গেছে, কুঞ্জনগর গ্রামসহ আশেপাশের প্রায় ২০ জন গরু ব্যবসায়ী চুয়াডাঙ্গার ডুগডুগি গো-হাট থেকে বাড়ি ফিরছিলেন। রুয়েরকান্দি-হুদাপাড়া সড়কের মাঠের মধ্যে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকার মানুষ সজাগ হয়। বোমা বিস্ফোরণের পর ৭/৮ জন ছিনতাইকারী গরু ব্যবসায়ীদের ঘিরে ধরার চেষ্টা করে। এতে ভয় না পেয়ে গরু ব্যবসায়ীরা হৈ-চৈ করে প্রতিরোধ গড়ে তোলে। তাদের চিৎকারে গ্রামের মানুষও জড়ো হয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা মানিকদিয়া গ্রামের দিকে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
 
কুঞ্জনগর গ্রামের গরু ব্যবসায়ী হাসিবুল ইসলাম জানান, বোমাটি আমাদের কাছ থেকে বেশ দূরে বিস্ফোরিত হওয়ায় কারো গায়ে লাগেনি। টাকা কেড়ে নেয়ারও সুযোগ পায়নি ছিনতাইকারীরা।
 
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
 
প্রসঙ্গত, গত ২২ জুন ওই এলাকার ভোলাডাঙ্গা মাঠের সড়কে ছিনতাইকারীদের বোমা হামলায় চার গরু ব্যবসায়ী আহত হয়েছিলেন। তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকাও ছিনতাই হয়েছিল। এর কয়েকদিন পরে কামারখালী সড়কে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই হয়। তখন পুলিশের তৎপরতা বৃদ্ধি ও কয়েকজনকে গ্রেফতারের কারণে শান্ত হয় পরিস্থিতি। সোমবার ওই ঘটনার জন্য এলাকার চিহ্নিত কিছু ব্যক্তিকে দায়ী করছে বিভিন্ন সূত্র। জড়িতদের গ্রেফতার করা না গেলে এলাকায় ছিনতাই-ডাকাতি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
 
ইত্তেফাক/আরএ