জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যার চেষ্টা

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ০৯:৪০
 
জমি সংক্রান্ত বিরোধের জেরে ছের আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার চেষ্টা করেছেন চাচাতো ভাই। ছের আলী গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের তমছের আলীর ছেলে। বুধবার সন্ধ্যার দিকে বালিয়া ঘাট মাঠে এ ঘটনা ঘটে।
 
আহত ছের আলী বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
 
স্থানীয়রা জানান, ছের আলীর সঙ্গে তার চাচাতো ভাই মহর আলীর ছেলে আলমগীর হোসেনের পৈত্রিক সম্পত্তি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার বিকালে জমি মাপার সময় আলমগীর হোসেন ও ছের আলীর মধ্যে বাকবিতণ্ডের এক পর্যায়ে ছের আলীকে ফেলে দিয়ে গলায় হাসুয়া দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায়। এসময় লোকজন ছুটে আসলে ছের আলীকে ফেলে পালিয়ে যান আলমগীর।
 
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবুল বাশার জানান, ছের আলীর গলার ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে। এখানে সেলাই দেয়া সম্ভব নয়। তাই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে