ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনদেত্তো দেল্লা ভেদোভা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী ভেদোভা গত ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলায় অন্যান্য দেশের নাগরিকসহ ৯ জন ইতালির নাগরিকের মৃত্যু পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে বাংলাদেশ সরকারের তড়িৎ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং দ্রুততার সঙ্গে মরদেহসমূহ নিজ নিজ দেশে প্রেরণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবিলা করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুদেশের মধ্যে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ইতালির সরকারের মালিকানাধীন একটি জাহাজ নির্মাণ কোম্পানির যৌথ উদ্যোগে কার্যক্রম শুরুর বিষয়, অভিবাসন সমস্যা এবং বৈধ উপায়ে অভিবাসন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
ইত্তেফাক/ইউবি
