সারিয়াকান্দি পৌর মেয়রের বাসভবনে অগ্নিসংযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১০:২৪
 
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সারিয়াকান্দিতে পৌর মেয়র আলমগীর শাহী সুমনের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 
 
আজ শুক্রবার ভোরে মেয়রের হিন্দুকান্দিস্থ বাসভবনে অগ্নিসংযোগে করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ার ইন্সপেক্টর আব্দুল মোত্তালেব জানান, আগুন নিয়ন্ত্রণের সময় বাহিরের দরজায় তালা দেয়া ছিল। পরে পুলিশের সহায়তায় তালা ভেঙে বাসার ড্রয়িংরুমে লাগানো আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
এদিকে বৃস্পতিবার বিকালে মেয়রের বাসায় হামলার ঘটনাও ঘটেছে। এসময় হামলাকারীদের সঙ্গে মেয়রের সমর্থক সাবেক যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকিলের ধস্তাধস্তি হয়। পরে মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের কতিপয় উৎসাহী নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে মিছিল বের করেন। এঘটনায় সারিয়াকান্দি পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
ঘটনাস্থল পরিদর্শনকারী সারিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর এনায়েত এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
 
ইত্তেফাক/কেকে