দেশের আবাসিক, শিল্প এবং পরিবহনখাতে এলপি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের পেট্রোলিয়াম সেক্টরে প্রথমবারের মতো বাংলাদেশ এবং জাপানের যৌথ উদ্যেগে প্রতিষ্ঠিত ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড (ওজিএল)।
শনিবার ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে প্রধান অতিথি হিসেবে এই উদ্যেগের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিমউদ্দিন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং সাইসান কো. লি. এর প্রেসিডেন্ট ও সিইও তাকেহিকো কাওয়ামোতো।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপ এর চেয়ারম্যান আজম জে চৌধুরী, ওমেরা গ্যাস ওয়ান লি: এর সিইও তোশিয়ুকি শিমবোরি এবং ওমেরা গ্যাস ওয়ান লি. এর ডিরেক্টর তানজিল চৌধুরী।
ওমেরা গ্যাসওয়ান লিমিটেড এর সেবাসমূহের মধ্যে থাকছে শিল্প খাতে, আবাসিক খাতে এবং পরিবহন খাতে বিস্তৃত পরিসরে এলপিজি ইঞ্জিনিয়ারিং সলিউশন প্রদান, এলপিজি রেটিকুলেটেড অবকাঠামো নির্মাণ এবং অটোগ্যাস স্টেশন স্থাপনপূর্বক নিরবচ্ছিন্নভাবে এলপিজি সরবরাহ করা।
‘আবাসিক, শিল্প এবং পরিবহনখাতে ক্রমবর্ধমান চাহিদা পূরণে ওমেরা গ্যাস ওয়ান অঙ্গীকারাবদ্ধ। আধুনিক জাপানি মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রযুক্তির সমন্বয়ে নির্মিত ওমেরা গ্যাস ওয়ান উল্লেখিত খাতে নিরবচ্ছিন্নভাবে বিপুল পরিমাণে এলপিজি সরবরাহ করতে সদা প্রস্তুত,’ বলেন ওমেরা গ্যাস ওয়ান এর সিইও তোশিওকি শিমবোরী।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এলপিজি সেবাদাতা প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ওপিএল)। মংলায় ওপিএল’র অত্যাধুনিক আমদানি টার্মিনাল এবং মংলা, ঘোড়াশাল, বগুড়া ও মিরসরাইয়ে স্যাটেলাইট ফিলিং স্টেশন রয়েছে। ওপিএল এলপিজি আমদানি করে এবং দেশজুড়ে এর বৃহত্তম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে এর বিপণন করে। ওপিএল এমজেএল বাংলাদেশ লিমিটেডের একটি অঙ্গসংগঠন এবং ইস্ট কোস্ট গ্রুপের অংশ।
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত সাইসান কো. লিমিটেড জাপানের অন্যতম প্রধান এলপিজি ডিস্ট্রিবিউটর। নিরাপত্তা প্রযুক্তি স্থানান্তরে দীর্ঘ অভিজ্ঞতার কারণে প্রতিষ্ঠানটি সফলভাবে মঙ্গোলিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং অস্ট্রেলিয়াতে এর ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছে।
ইত্তেফাক/এমএইচ
