পাবনার চাটমোহরে শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি জেডিসি পরীক্ষার এক পরীক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক হাফেজসহ দুই ইভটিজারকে কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া এক মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত হলেন- চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের আ. রউফের ছেলে এবং বোঁথর মধ্যপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. শাহিন (২৪), মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের আ. রহিমের ছেলে হাসান আলী (২২) ও মাদকসেবী চৌধুরীপাড়া মহল্লার ফজলুল হকের ছেলে নজরুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, হাফেজ শাহিন জেডিসি পরীক্ষা চলাকালে চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে খতবাড়ি দাখিল মাদ্রাসার ছাত্রী খতবাড়ি গ্রামের মাহাতাব উদ্দিনের মেয়ে তানজিলা খাতুনকে (১৫) উত্যক্ত করতেন। শনিবারও উত্যক্ত করলে শিক্ষক ও ছাত্ররা তাকে আটক করেন। পরে পুলিশে দেয়া হয়। রাতে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়।
একই সঙ্গে আদালত বিভিন্ন সময় মেয়েদের ইভটিজিং করার দায়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের আ. রহিমের ছেলে হাসান আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদক সেবনের দায়ে পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার ফজলুল হকের ছেলে নজরুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের আদালত এই তিনজনের দণ্ডাদেশ দেন।
ইত্তেফাক/কেকে
