ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে অবস্থিত গড়াই সেতুর টোল প্লাজা থেকে একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ-২০-২১০৯) ডিবি পরিচয়ে ৪ প্রতারককে আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে টোল প্লাজার কর্মীরা আটক করে মধুখালী থানা পুলিশের কাছে সোপর্দ করে তাদের। এ ব্যাপারে আজ সোমবার মধুখালী থানায় ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে।
আটককৃতরা হলেন- খোরশেদ আলম (৩০)। পিতা হাসান আলী, বাড়ি ঢাকার মুক্দা। মাসুদ রানা (৩৫), পিতা মোজাম্মেল হক। আ. রহিম ব্যাপারী (৩০) পিতা বাদশা মিয়া, সম্রাট শেখ (৩২) পিতা ইদ্রিস শেখ, বাড়ি আশুলিয়া।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, রবিবার গভীর রাতে একটি প্রাইভেটকার করে ৫ জন কামারখালী গড়াই সেতুর টোল প্লাজায় উপস্থিত হয়ে টোল প্লাজার কর্মীদের কাছে টাকা দাবি করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। টাকা দিতে অস্বীকার করে টোলের কর্মীরা পরিচয় পত্র চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক তাদের ৪ জনকে আটক করা হয় এবং ১জন পালিয়ে যেতে সক্ষম হয়। দ্রুত মধুখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।
ইত্তেফাক/এমআই
