রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
খিলক্ষেত রেলগেট থেকে পূর্বদিকে এবং রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত দখলকারী স্থাপনা উচ্ছেদ করা হয়।
একই সময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং পঁচা খাবার রাখার দায়ে ২টি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ এর অধীনে ২ টি মামলাও করা হয়।
এসময় ফুটপাতসহ রাস্তা চিহ্নিত করে সেখানে অবৈধ স্থাপনা না রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানকালে ডিএনসিসি’র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ এবং স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভিন উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/এমআর/এমএইচ
