হেমন্তের আহ্বানে ঋতুজুড়ে বইছে হিমেল হাওয়ার পরশ। হিম হিম ছোঁয়ায় শরীরে বইছে আনন্দের ছটা। হালকা শীত লাগছে এখন সবার গায়ে। রাজধানীতে এই মুহূর্তে শীতের দেখা তেমন না মিললেও ঢাকার বাইরে শীতের আবহ ছড়িয়ে পড়েছে। ফলে পোশাকেও নেমেছে হালকা শীতের আমেজ। ফিটফাট ফ্যাশনে নিজেকে সাজাতে তরুণরা মেতে উঠেছে আধুনিক ট্রেন্ডে।
ফ্যাশন হাউসগুলোতে জমেছে ফুলস্লিভ পোশাক বিক্রি। ফুলস্লিভ পলো টি-শার্ট ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পরতে দেখা যাচ্ছে। তাই চলতি ফ্যাশনে ফুলস্লিভ এখন জনপ্রিয়।
শীতের ছোঁয়া কম হওয়ায় হালকা সুতি কাপড়ের এসব পোলো টি-শার্ট সবাই কিনছেন। ক্যাজুয়াল পোশাক হিসেবে ফুলস্লিভ পোলো টি-শার্ট স্কুল, কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরা বেশি পছন্দ করছেন। এছাড়া বয়স্করাও এ পোশাক ব্যবহারের তালিকায় রাখছেন। চলতি ফ্যাশনে ডিজাইনাররা পোলো টি-শার্টে গুরুত্ব দিচ্ছেন ফুলস্লিভকে।
তাই ফুলস্লিভের নতুন নতুন পোলো টি-শার্ট লক্ষ করা যাচ্ছে পোশাক বাজারে। এসব পোলো পরতে যেমন আরামদায়ক, তেমনি ব্যবহারেও রয়েছে অনেক সুবিধা। ফলে ধীরে ধীরে কদর বাড়ছে এসবের। বাহারি পোলো টি-শার্টগুলো জিন্স কিংবা গ্যাবার্ডিনের সঙ্গে বেশ মানানসই। ভালো লাগে ফরমাল প্যান্টের সঙ্গেও। তাই ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের মধ্যে ফুলস্লিভের প্রতি আগ্রহও লক্ষ করার মতো।
ক্যাজুয়াল পোশাকের পাশাপাশি অফিসিয়াল পোশাকেও অনেক তরুণ ফুলস্লিভ ব্যবহার করছেন আরামদায়ক পোশাক হিসেবে। সব ধরনের ফুলস্লিভই তারুণ্যের পছন্দের তালিকায় থাকছে। ছেলেমেয়ে উভয়ই পরছেন গোল গলা ও কলারের টি-শার্ট। ফ্যাশন হাউসগুলোতে পোলো টি-শার্ট, গ্রাফিক টি-শার্ট, ভি-নেক শার্ট, ক্রিউ নেক টি-শার্ট, হেনলে টি-শার্ট, পকেট টি-শার্ট, হুডেড টি-শার্ট, স্ট্রাইপ টি-শার্ট, ইউ নেক টি-শার্ট চলছে বেশ।
IMG0
ছেলেদের সব ধরনের ফুলস্লিভ পছন্দ হলেও মেয়েদের ক্ষেত্রে রয়েছে কিছুটা ভিন্নতা। মেয়েদের ফুলস্লিভে গোল গলা, ভি-নেক এবং ক্রিউ নেকের টি-শার্টই পছন্দের। হাতার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে ভিন্নতাকে। ফুলহাতা পোলো টি-শার্টগুলোর হাতা চেপে থাকে বলে দেখতেও ভালো লাগে। পছন্দ করছেন তরুণরা।
এসব পোলো ফুলস্লিভ টিশার্ট পাওয়া যাচ্ছে রাজধানীসহ দেশের বড় বড় শপিংমলের শোরুমে। বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, আজিজ সুপার মার্কেট থেকে শুরু করে বঙ্গবাজারেও মিলছে নতুন নতুন কালেকশন। নানা ডিজাইনের কম্বিনেশনে মিলছে এসব ফুলস্লিভ পোলো টি-শার্ট, টি-শার্ট ও হুডি টি-শার্টও।
শীতের আগে নতুন ট্রেন্ড ফুলস্লিভ পোলো নিয়ে ইজির ডিরেক্টর ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বললেন, ‘ফুলস্লিভের পোলো টি-শার্টের ডিজাইনে আমরা নতুনত্ব এনেছি। বর্তমান প্রজন্মের তরুণরা ওয়েস্টার্ন ডিজাইন পছন্দ করেন। একই সঙ্গে তারা চান বৈচিত্র্যময় রং ও নিত্যনতুন ডিজাইন। এবারে আমাদের ডিজাইনে একরঙা ফুলস্লিভ, বাহারি চেক, স্টাইপ কিংবা প্রিন্টেড কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ফেব্রিকে রয়েছে কটন, মিক্সড কটনের ব্যবহার। এসব ফুলস্লিভ টি-শার্ট কিনতে পারবেন সাধ্যের মধ্যে।
মডেল : সাদমান ও দীপ
পোশাক : ইজি
ছবি : আহসান রাশেদ
