লক্ষ্মীপুরের রামগতিতে পিএসসি পরীক্ষার্থীকে বাল্যবিবাহের অপরাধে বর, শিক্ষার্থীর বাবা ও স্থানীয় নিকাহ রেজিস্ট্রারের (কাজী) এক সহকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফি কামাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা-স্কুলছাত্রীর পিতা বড়খেরি ইউনিয়নের মুন্সীরহাট এলাকার মো. মোসলেহ উদ্দিন, বর চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা এলাকার মো. সেলিমের ছেলে মো. আলমগীর হোসেন(২৫) ও স্থানীয় বড়খেরি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) শাহ মো. শফিকুল আযমের সহকারী মো. মনির উদ্দিন।
জানা যায়, সোমবার দুপুরে মোসলেহ উদ্দিনের বাড়িতে উত্তর বড়খেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী ছাত্রীর (১০) বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম শফি কামাল ওই বিয়ে বাড়িতে গিয়ে ছাত্রীর পিতা মো. মোসলেহ উদ্দিন, বর মো. আলমগীর হোসেন ও স্থানীয় নিকাহ রেজিস্ট্রারের (কাজী) সহকারি মো. মনির উদ্দিনকে হাতেনাতে আটক করেন। রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এস এম শফি কামাল জানান, আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইনে প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএস
