ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে বিশ্ব রেকর্ড গড়ে হলেও কিনতে চায় রিয়াল মাদ্রিদ। ফ্রান্স ফুটবল সাময়িকী এই দাবি করেছে। পত্রিকাটির মতে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ও বর্তমানে পিএসজির খেলোয়াড় এমবাপেকে কিনতে ২৮ কোটি ইউরো খরচ করতে রাজি স্প্যানিশ ক্লাবটি। যদিও ইউরোপের অন্যান্য গণমাধ্যমে কারো কারো দাবি রিয়াল মাদ্রিদ এমবাপেকে কেনার বিষয়টি ‘নাকচ’ করে দিয়েছে। জিনেদিন জিদান আবার রিয়াল কোচ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার পর থেকেই এ নিয়ে গুঞ্জন চলছে। তবে শেষ পর্যন্ত যাকে যাকেই কিনুক না কেন, আসন্ন দলবদলে রিয়াল যে বড় অংক ব্যয় করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই কেনাকাটার তালিকায় কখনো এমবাপে, কখনো লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানের নাম শোনা যাচ্ছে। এর মধ্যেই ফ্রান্স ফুটবলের দাবি, জিদানের প্রথম পছন্দ ২০ বছর বয়সী এমবাপে।
ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে যিনি ৩৫ ম্যাচে ৩১ গোল করেছেন।
