নৌবাহিনীর জাহাজ এবং ঘাঁটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:০৭

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে নৌবাহিনীর সব জাহাজ এবং ঘাঁটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নৌবাহিনীর সকল মসজিদে গতকাল মঙ্গলবার বাদ ফজর স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া সকল জাহাজ ও ঘাঁটিতে সর্বস্তরের সামরিক/অসামরিক সদস্যদের মাঝে ‘আমরা তোমাদের ভুলবনা’ ও ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত স্কুল, কলেজ, নেভী এ্যাংকরেজ এবং শিশু নিকেতনসমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দিবসটি উপলক্ষে ঢাকার সদরঘাটে বানৌজা অপরাজেয়, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বানৌজা সুরমা, মংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা করতোয়া এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা তিস্তা বেলা ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন। এছাড়া ফার্মগেটের পার্ক এলাকায় নৌবাহিনীর বাদক দল সর্বসাধারণের উদ্দেশে বাদ্য পরিবেশন করে।

উল্লেখ্য, প্রতি বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, সশস্ত্র বাহিনী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।