নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে পাঁচ দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, ঢাকা, কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
মালয়েশিয়া অবস্থানকালে নৌপ্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলংকান নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং তাদের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৯ এর ফ্লিট রিভিউ এ অংশ গ্রহণ করবেন। পরে তিনি বিভিন্ন দেশের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল মেরিটাইম কালচারাল অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, লিমা-২০১৯ এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয় বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছে। উক্ত মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন।
