ইত্তেফাক রিপোর্ট
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৪টা ৪০ মিনিটে বঙ্গভবন চত্বরে আয়োজিত এ সংবর্ধনায় যোগ দেন। রাষ্ট্রপতির পত্নি রাশিদা খানম এসময় উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ সংবর্ধনায় যোগ দেন। প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যরাও এ সংবর্ধনায় যোগ দেন।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, জাতীয় সংসদ সদস্যগণ, জ্যেষ্ঠ আইনজীবীগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, জ্যেষ্ঠ রাজনীতিকগণ, সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিল্পী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় যোগদান করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেক কাটেন। এ উপলক্ষে লাল-সবুজ রংয়ের বেলুন অবমুক্ত করা হয়। তাঁরা অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিশিষ্টজন ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর নেন এবং তাঁদের কল্যাণে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রখ্যাত শিল্পীরা।
