ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অহংবোধ থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে প্রতিষ্ঠান এগোবে না, দেশও এগোবে না। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার শুরুতেই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং সর্বোপরি বাংলাদেশ সৃষ্টির মহান আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান ও এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক (মানিলন্ডারিং) আনম আল ফিরোজ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আকতার হোসেন, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক মোঃ আবুল হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাপরিচালক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (লিগ্যাল) মোঃ মঈদুল ইসলাম, মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খানসহ পরিচালক, উপপরিচালকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ।
