বিশেষ প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার জানান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছুড়েছিল রাজারবাগের সাহসী বীর পুলিশ। প্রতিরোধে শহীদ হন অনেকে। তাঁদের সম্মানে রাজারবাগে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ । ওই স্মৃতিস্তম্ভেই ফুল দিয়ে বীরদের প্রতি শ্রদ্ধা জানায় পুলিশ ও সাধারণ মানুষ।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম। এর আগে ডিএমপির একদল চৌকস পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র সালাম প্রদান করেন এবং সেই সাথে বেজে ওঠে বিউগলের করুণ সুর।
