স্বাধীনতার দিনে উত্সবের নগরী ঢাকা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:৩৩

মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার শপথ গ্রহণের মধ্যদিয়ে গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাতি। মুক্তিযুদ্ধের স্মৃতিময় গণসংগীত, নাচ, চলচ্চিত্র, নাটক, চিত্রাঙ্কন, আবৃত্তি আর যুদ্ধদিনের স্মৃতিচারণে উত্সবমুখর ছিল রাজধানী।

সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চারুকলা, টিএসসি, রবীন্দ্র সরোবরসহ নগরজুড়ে বসেছিল স্বাধীনতা উত্সবে প্রাণের মেলা। সংসদ ভবন চত্বরকে সাজানো হয় লাল সবুজ আলোক-সজ্জায়। সরকারি ছুটি হওয়ায় সকাল থেকেই নগরীর বিনোদন কেন্দ্রগুলো জমে উঠে নানা বয়সী মানুষের পদচারণায়।

শেষ হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উত্সব

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে তিনদিনের স্বাধীনতা উত্সব শেষ হলো। গতকাল উত্সবের সমাপনী দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সংগীত পরিবেশন করে ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি, ভিন্নধারা, দৃষ্টি ও সুরতাল। একক সংগীত পরিবেশন করেন সমীর চক্রবর্তী, আবিদা রহমান সেতু, মোহনা দাস ও আসিফ ইকবাল সৌরভ। দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন, প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, বাকশিল্পাঙ্গন ও স্বরকল্পন আবৃত্তিচক্র। একক আবৃত্তি পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, হাসান আরিফ ও ফয়জুল আলম পাপ্পু। পথনাটক পরিবেশন করে, নাট্যযোদ্ধা ও নাট্যদল। দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা ও নৃত্যাক্ষ। শিশু-কিশোর পরিবেশনা ছিল খেলাঘর ও মৈত্রী শিশুদলের। ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে ক্রান্তি শিল্পী গোষ্ঠী, আনন্দন ও নন্দন। একক গান পরিবেশন করেন তিমির নন্দী, অলক দাশগুপ্ত, পল্লব গোমেজ, মাফিদা আক্তার মালা, শ্রাবণী গুহ রায় ও মারুফ হোসেন। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্রোত আবৃত্তি সংসদ, স্বনন টিএসসি, ত্রিলোক বাচিক পাঠশালা। একক আবৃত্তি পরিবেশন করেন গোলাম সারোয়ার, বলায়েত হোসেন, রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলি। পথনাটক পরিবেশন করে সুবচন নাট্য সংসদ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যজন ও বেণুকা ললিতকলা কেন্দ্র। শিশু সংগঠন পরিবেশনায় মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা ও ঋদ্ধস্বর।

শিল্পকলা একাডেমির স্বাধীনতা দিবসের আয়োজন

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনিক বোসের নৃত্য পরিচালনায় ধন ধান্য পুস্প ভরা, জ্বলে উঠো বাংলাদেশ, গর্জে উঠো বাংলাদেশ গানের কথায় নৃত্য পরিবেশিত হয়। লিখন রায়ের নৃত্য পরিচালনায় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, চলো এগিয়ে যাবো বাধা মানি না গানের কথায় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। লায়লা হাসানের নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় গেরিলা গেরিলা এবং রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা গানের সঙ্গে । সমবেত সংগীত পরিবেশন করেন আওয়ামী শিল্পীগোষ্ঠী, আবৃত্তি পরিবেশন করেন শিল্পী সৈয়দ হাসান ইমাম ও ডালিয়া আহমেদ, একক সংগীত পরিবেশন করেন শিল্পী রফিকুল আলম, আইরিন পারভীন, আল আমিন,  নাজিয়া সুলতানা বৃষ্টি, বিউটি, হৈমন্তি রক্ষিত এবং সিদ্দিকুর রহমান।

মুক্তিযুদ্ধ জাদুঘর: মুক্তিযুদ্ধ জাদুঘরের তেইশ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী উত্সবের অংশ হিসেবে গতকাল মহান স্বাধীনতা দিবসে পদযাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘর ও অভিযাত্রীর সদস্যরা এ পদযাত্রায় অংশ নেন। পরে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভাস্কর্য অঙ্গনে শিশু-কিশোর আনন্দানুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভারতেশ্বরী হোমস, বাংলাদেশ ব্রতচারী সমিতি, নৃত্যজন, কল্পরেখা, ইউসেপ স্কুল, শিল্পবৃত্ত, খেলাঘর, বিসিএসআইআর স্কুলের শিক্ষার্থীরা।

বাংলা একাডেমি: একাডেমির রবীন্দ্রচত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল মহলানবীশ, বদরুন্নেসা ডালিয়া এবং বিজন চন্দ্র মিস্ত্রী। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রাজু চৌধুরী (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কী-বোর্ড), মো. ফারুক (অক্টোপ্যাড) এবং রিচার্ড কিশোর (গীটার)।

চ্যানেল আইতে রং তুলিতে মুক্তিযুদ্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ১০ম ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এদিন সকালে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অর্থমূল্য তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপন পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। এরআগে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় ‘ও আমার দেশের মাটি’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, লায়লা তারা নূর এবং সৈয়দ সালাহউদ্দিন জাকী।