ঝড় তুলেছে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের তীক্ষ্ন চাহনি

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

মালয়েশিয়ায় কর্মরত এক নির্মাণশ্রমিকের তীক্ষ চাহনি’র ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটিতে দেখা যায়, ওই শ্রমিক তার রূপালি চোখে তীক্ষভাবে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, গত ২১ মার্চ আবেদেন মুং নামে এক ব্যক্তি টুইটারে ছবিটি প্রকাশ করেন। এরপর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবরে বলা হয়, ২৫ মার্চ পর্যন্ত ছবিটি রিটুইট করা হয়েছে ২৫ হাজার বার এবং লাইক পেয়েছে ৬৯ হাজার।

আবেদেন মুং বলেন, তিনি এই নির্মাণ শ্রমিকের ছবিটি তুলেছিলেন জালান আইপোহ এলাকার কাছে একটি নির্মাণাধীন সাইট থেকে। এক টুইট বার্তায় তিনি  জানান, প্রথমবার সেই শ্রমিককে দেখে ছবি তুলতে চাইলেও কোনো সুযোগ হয়নি তার। কিন্তু ২১ মার্চ সকালে সেই এলাকায় আবার গেলে তার দেখা পেয়ে যান এবং  তখন আর সুযোগটি হাতছাড়া করেননি তিনি। মুং বলেন, আইফোনে কাজ করছিলাম। হঠাত্ তাকে দেখতে পাই। আর তাত্ক্ষণিক ছবিটি তুলে ফেলি। এরপর ছবিটি টুইটারে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে

বাংলাদেশী ওই শ্রমিকের নাম জানা যায়নি। ছবিটিকে অনেকে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে ব্যবহূত ছবিগুলোর সঙ্গে তুলনা করেছেন। তার চাহনির মধ্যে রয়েছে এক দৃঢ়চেতা মনোবল।