খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৫:১৪
খুলনায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার আকমানের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আহাদ (৩৫) শেখ বয়রা এলাকার আব্দুল করিমের ছেলে এবং ভুঁইয়া আব্দুস সালাম (৫৬) একই এলাকার মৃত খায়ের ভূঁইয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে লাইনবিলপাবলা মাছের ঘের থেকে সালাম ও আহাদ শেখ দুইটি বাইসাইকেলে করে নগরীর বয়রা এলাকায় তাদের বাড়িতে ফিরছিলেন। তারা বয়রা-রায়েরমহল বাইপাস সড়ক এলাকার আকমানের মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আহাদ শেখ নিহত হয়। গুরুতর অবস্থায় আব্দুস সালামকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান তথ্যের সত্যের নিশ্চিত করে জানান, প্রাইভেটকার ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ