রাবিতে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:২৩
পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুই শিক্ষার্থীকেই হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন। শনিবার বিকেলে তাদেরকে বহিষ্কার করা হয় বলে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র দেব।
 
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান পলাশ এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী। দুজনের মধ্যে আব্দুর রহমানকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্য।
 
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, পলাশ এবং আলী ১২২ ও ১২১ নং কক্ষে থাকেন। শুক্রবার তাদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে হাতাহাতি হয় এবং আলীকে চড় দেন পলাশ। বিষয়টি নিয়ে হল প্রশাসনের কাছে অভিযোগও করেছিলেন আলী। সেই জের ধরে শনিবার দুপুর ২টার দিকে আলীর রুমে যান পলাশ। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আলী পলাশকে ধাক্কা দেন। এসময় পলাশ হলের পিলারের সঙ্গে ধাক্কা খেলে মাথা ফেটে যায়। তবে পলাশ দাবি করেন, আলী তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেছে। পরে পলাশকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
 
জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র বলেন, ‘হলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুজনকেই হল থেকে বহিষ্কার করা হয়েছে। যদি ভবিষ্যতে এমন কোন ঘটনা আবারো ঘটে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা দেখবে।’