শীত মৌসুম শুষ্ক হওয়ায় এসময় ত্বকের সঙ্গে সঙ্গে চুলও হয়ে ওঠে রুক্ষ। তাই এসময় চাই বাড়তি যত্ন। শীতে চুলের যত্ন নিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে।
* তেল মাথার ত্বক ও চুলকে পর্যাপ্ত আর্দ্রতা প্রদান করে ও চুলের আগা ফাটা রোধ করে। রাতে চুলে তেল দিয়ে সকালে শ্যাম্পু করে ফেলুন। তেল দেয়ার ক্ষেত্রে মাথার ত্বক ভালভাবে ম্যাসেজ করুন। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। সপ্তাহে অন্তত দুইবার তেল ব্যবহার করুন।
* শ্যাম্পু করার ক্ষেত্রে ভিটামিন ই, অ্যালোভেরা সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।
* চুল ধোয়ার ক্ষেত্রে যতটা সম্ভব গরম পানি ব্যবহার করা এড়িয়ে চলুন।
* খুশকি সমস্যা বেড়ে গেলে অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে সপ্তাহে অন্তত একবার চুল পরিষ্কার করতে হবে। গোসল করার আগে মাথার ত্বকে লেবু ঘষে পর শ্যাম্পু করে নিলে খুশকি থেকে রেহাই পাওয়া যাবে।
* চুল শুকানোর ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন। চুল থেকে শুকনো তোয়ালে দিতে আলতো করে পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে ফেলুন। অনুষ্ঠান বা পার্টিতে চুল সাজানোর প্রয়োজন হলে ড্রায়ারের ঠান্ডা বাতাস ব্যবহার করুন। এতে সময় একটু বেশি লাগলেও চুলের ক্ষতি হবে না।
* এসময় বাইরে প্রচুর ধূলা-বালি থাকে। তাই যতটা সম্ভব চুল বেঁধে ও ঢেকে বাইরে বের হন।
* সুস্থ চুলের জন্য প্রচুর পানি ও সবজি খান। শীতের সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল থাকে। যা আপনার ত্বক ও চুলকে রুক্ষতা ও শুষ্কতা থেকে রক্ষা করবে।
ইত্তেফাক/এএসএস
