আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন রুনি বেগম?

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১২:০৭
 
নাম রুনি বিবি (৯০)। ৩৫ বছর আগে বিধবা হয়েছেন তিনি। বয়সের ভারে আজ ন্যুহ। চলার একমাত্র ভরসা হাতের লাঠি। এক সময় স্বামী সন্তান সবই ছিল তার। কালের ধারায় ইহজগত ছেড়ে চলে গেছে সবাই। আপন বলতে আজ কেউ নেই তার এ পৃথিবীতে।
 
রুনি বিবি উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত মকবুল হেসেনের স্ত্রী। বর্তমান থাকেন ঐ ইউনিয়নের পেটভরা আবাসন প্রকল্পের দুই নং ব্যারাকে। সেখানেই অনাহারে অর্ধহারে জীবন কাটছে তার। স্থানীয় বসতি কিংবা আবাসনের কেউ যদি দয়া করে দুমুঠো ভাত দেয় সেদিন পেটের ক্ষুধা মেটে। অন্যথায় অনাহারে কেটে যায় রাতদিন রুনি বেগমের। অথচ ভাগ্যে জোটেনি তার বয়স্ক, বিধবাভাতা কিংবা দশ টাকা চালের কার্ড।
 
নাম ঠিকানা লিখতে দেখে ভাঙা ভাঙা কণ্ঠে রুনি বেগম জানান, অনেকবার নাম নিখে (লিখে) নিয়ে গিছে (গেছে) কোন কিছু দেয় না। নিখে টিকে আর কি হবে? বাবা অনেকে টেকা (টাকা) পায়, চাল পায় আমাগো পেতে আর কয় বয়স (কত বছর) হতে হয়।
 
রুনি বিবি বিধবা, বয়স্ক কিংবা দশ টাকা চালের কার্ড না পাওয়ার কারণ জিজ্ঞাসা করলে পেটভারা গ্রামের ইউপি সদস্য মোস্তাক আলী জানানম আমি নতুন মেম্বার হয়েছি। তবে সম্ভবত তিনি আমার ওয়ার্ডের না। যদি আমার ওয়ার্ডের হয় তাহলে আগামীতে সুযোগ আসলে এ ধরনের বয়স্ক নারী-পুরুষদের বয়স্কভাতার কার্ড করা হবে।
 
এব্যাপারে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুর জানান, স্ব স্ব ওয়ার্ড মেম্বরের দেয়া তথ্যের ভিত্তিতে সুবিধাবঞ্চিত মানুষেরা সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে। বিষয়টি আমি জেনেছি। আগামীতে নতুন কার্ড দেয়ার সুযোগ আসলে অগ্রাধিকার ভিত্তিতে রুনি বেগমের বয়স্ক অথবা বিধবা ভাতার কার্ড করা হবে।
 
ইত্তেফাক/এএসএস